আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:
আওয়ামী লীগকে সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া হিসেবে অভিহিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, গোপালগঞ্জে বর্বরোচিত হামলা এবং লন্ডনসহ বিভিন্ন স্থানে অপতৎপরতার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের মারুফ ভিলায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দলটির ষড়যন্ত্র প্রতিহত করতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম।
সভায় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সর্বক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সরকারের গত ৯ মাসের জনকল্যাণমূলক কার্যক্রম দেখে গণঅভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদীরা হিংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ এসব দেশবিরোধী অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
তিনি আরও বলেন, শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা আইনগতভাবে দমন করা হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
সভায় উপস্থিত ছিলেন এম.এ. লতিফ ভূঁইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, এম. আবদুস সাত্তার, কামাল হোসেন, আরিফ মাহমুদ, এনামুল হক সফর তালুকদার, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন আনন্দ, শরীফ চৌধুরী, শাহ আলম সরকার, মো. রোমান খন্দকার, আবদুল বাসেদ ও রিমন খন্দকারসহ দাউদকান্দি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।