ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার প্রবাসীর মৃত্যু, শোকাহত পরিবারের কাছে ছুটে গেলেন ইউএনও

গাজী রুবেল।।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসী শাহ আলম ভূইয়ার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় পরিবারজুড়ে চলছে আহাজারি।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নিহতের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

এর আগে বুধবার (১ এপ্রিল) ফুজাইরাহর আল-রিফা’আ এলাকার একটি কৃষি খামারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি অনুপ্রবেশকারী ড্রোনকে আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করলে এর ধ্বংসাবশেষ খামারের ওপর পড়ে। এতে সেখানে কর্মরত বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলম ভূইয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত শাহ আলম ভূইয়া (৫০) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার ইসমাইল ভূইয়া বাড়ির হানিফ ভূঁইয়ার মেজো ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে কৃষিশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়। কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। মরদেহ দেশে আনা এবং সার্বিক সহযোগিতার পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন ইউএনও।