কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮

কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।