কুমিল্লায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ২২ শিশু

ডেস্ক রিপোর্ট।।

‎কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজ আদায়ের কর্মসূচিতে অংশ নিয়ে পুরস্কার পেয়েছে ২২ শিশু।

‎বুধবার (২২ অক্টোবর) বিকালে নারায়ণপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

‎প্রতিযোগিতায় প্রথম তিনজনকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি বাইসাইকেল, একটি টেবিল ফ্যান ও একটি ডিনার সেট। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে উপহার দেওয়া হয় একটি করে স্কুলব্যাগ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গুণবতী ইউনিয়নের নারায়ণপুর ও দশবাহা দক্ষিণ পাড়ার প্রবাসীদের অর্থায়নে নারায়ণপুর জামে মসজিদ পরিচালনা কমিটি শিশুদের জামায়াতে নামাজ আদায়ে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করে। এতে এলাকার শিশুদের মধ্যে মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায়ের আগ্রহ তৈরি হয়। কর্মসূচিতে মোট ২২ শিশু অংশ নেয়।

‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাওলানা আবুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।

‎ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবদুল বাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, পশুরাম মির্জানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুবসহ স্থানীয় নেতৃবৃন্দ।