বিমানবন্দরে দুই যাত্রীর পায়ুপথে মিলল ৪ কোটি টাকার ‘স্বর্ণের ডিম’

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের ছয়টি ‘স্বর্ণের ডিম’ জব্দ করা হয়েছে। এর প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাদের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। প্রত্যেকের রেক্টামে (পায়ুপথে) তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্টের বস্তু পাওয়া যায়।

এনবিআর কর্মকর্তা আল-আমিন বলেন, উদ্ধার হওয়া ছয়টি বস্তুর প্রাথমিক ওজন ২ দশমিক ৭৩৪ কেজি। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের পেস্টের মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।