দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার চাপানগর (সাহাপাড়া) এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশানে খাবার পানির জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। একই সঙ্গে চাপানগর গ্রামের টিনের ঘর মার্কেটের সামনেও সর্বসাধারণের ব্যবহারের জন্য আরও একটি টিউবওয়েল স্থাপন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে “আমার গ্রাম আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি ও সাংবাদিক এ. আর. আহাম্মেদ হোসাইনের নেতৃত্বে স্বেচ্ছাসেবী ও স্থানীয়দের উপস্থিতিতে টিউবওয়েল দুটি স্থাপন করা হয়।
মানুষের সেবায় স্বেচ্ছাসেবী এ. আর. আহাম্মেদ হোসাইনের উদ্যোগে গ্রাম উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত “আমার গ্রাম আমার দায়িত্ব” সংগঠনটি গত দুই বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
সংগঠনের উদ্যোগে মশক নিধন, বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, অসহায় ও দরিদ্রদের সহায়তা, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার উন্নয়ন, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এলাকাবাসী জানান, “আমার গ্রাম আমার দায়িত্ব” সংগঠনের এসব মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের উপকার হচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাদের।
সংগঠনের সভাপতি এ. আর. আহাম্মেদ হোসাইন বলেন, “এলাকার ধনাঢ্য ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতায় আমরা গ্রাম উন্নয়নে অনেকদূর এগিয়েছি। চাপানগর ঈদগাহসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জনস্বার্থে পানির কল স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অন্যান্য গ্রামের মানুষও নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে এলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।”