দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৯ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৯টি মামলায় ৯ জনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের যৌথ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৯টি মামলা করা হয়। এর মধ্যে ইউএনও অশোক বিক্রম চাকমা তিনটি মামলায় ১১ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন ছয়টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে মোট ৯ জনকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।