দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে ফুটবল খেলা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মতিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধামতী ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধ্যবর্তী হাপুড়খাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের পলিয়ারপাড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে নিজ গ্রামের কুরুইন টাইগার ক্লাবের খেলা দেখতে যান আব্দুল মতিন। খেলা শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে হাপুড়খাড়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় একজন ফোন করে বিষয়টি আমাদের জানান। মরদেহ সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় সনদ গ্রহণ করতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।