দেবিদ্বারে মধ্যরাতে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সকাভেটরের ব্যাটারি ও ড্রাম ট্রাক জব্দ

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটায় ব্যবহৃত এক্সকাভেটরের দুটি ব্যাটারি ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত এক্সকাভেটরের দুটি ১২ ভোল্টের ব্যাটারি এবং একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।