দেবিদ্বারে শসা খাওয়াকে কেন্দ্র করে শিশুকে মারধরের অভিযোগ, এক মাস ধরে হাসপাতালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

পারভেজ সরকার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌসার গ্রামে একটি শসা খাওয়াকে কেন্দ্র করে নীরব নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে চা-দোকানদার লিটনের বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটি গত এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের অভিযোগ, লিটনের শসাখেত থেকে অনুমতি ছাড়া একটি শসা খাওয়ায় শিশুটিকে মারধর করা হয়। ঘটনার কয়েক দিন পর স্থানীয় শিক্ষক ফুল মিয়া, জাকির মেম্বার, মবিন ও মোসলেমের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সেখানে ৩০ হাজার টাকা জরিমানা করা হলেও অভিযুক্ত ব্যক্তি তা পরিশোধ করেননি বলে দাবি পরিবারের।

এদিকে, শিশুটির পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। শিশুটির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত, শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।