দেবিদ্বারে ৮২ লাখ ৫০ হাজার টাকা দিয়েও দেড় বছরে মেলেনি জমির দলিল, সংবাদ সম্মেলনে শিক্ষিকার কান্না

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে জমি কেনার জন্য ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেও দেড় বছরের বেশি সময় ধরে দলিল না পাওয়ার অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষিকা। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে জমির দলিল বুঝে পাওয়া এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোসাম্মৎ সেলিনা আক্তার জানান, দেবিদ্বারের চান্দিনা রোডের বারেরা মৌজায় ১০ জন মালিকের কাছ থেকে ৩৫ শতাংশ জমি কেনার জন্য চুক্তি করেন তিনি। প্রতি শতাংশ ৩ লাখ ১০ হাজার টাকা হিসাবে জমির মোট মূল্য নির্ধারণ হয় ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বায়নাপত্র সম্পাদন করে ছয় মাসের মধ্যে বাকি টাকা পরিশোধের শর্তে দলিল করার কথা ছিল।

সেলিনা আক্তারের দাবি, জমির বায়না ও পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে মোট ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন তিনি ও তার পরিবার। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি টাকা প্রস্তুত করে দলিলের জন্য জমির মালিকদের জানানো হলেও নানা অজুহাতে বারবার তারিখ পরিবর্তন করা হয়। অতিরিক্ত টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, একাধিকবার যোগাযোগ ও তাগাদা দিয়েও এখন পর্যন্ত জমির দলিল বুঝে পাননি। বায়না করা জমির সামনের ২০ শতাংশ বিক্রি এবং কিছু অংশ অবৈধভাবে দখলেরও অভিযোগ তুলেছেন তিনি।

সেলিনা আক্তার ছোট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা। বর্তমানে তিনি দেবিদ্বার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, জীবনের ৩১ বছর শিক্ষকতায় কাটিয়েছেন। অবসর জীবনে এসে নিজের টাকায় কেনা জমির দলিলের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। তিনি জমির দলিল রেজিস্ট্রি, জমি বিক্রি ও দখল বন্ধ এবং ঘটনার দ্রুত ও ন্যায়সংগত নিষ্পত্তিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহীন ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।