তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বারে মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। যখন যেখানেই মাদক সেবন কিংবা বিক্রির খবর পাওয়া যাচ্ছে, সেখানেই তাৎক্ষণিক হানা দিচ্ছে পুলিশ ও প্রশাসন। এরই ধারাবাহিকতায় গভীর রাতেও সচল রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এমনই এক মাদক সেবনকারীদের আড্ডায় যৌথ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা একদল পুলিশ সদস্য নিয়ে আকস্মিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মাদক সেবনের দায়ে আব্দুল জব্বার ও ফয়জুল্লাহ হান্নান নামের দুই মাদকসেবীকে আটক করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ৬০ দিন অর্থাৎ ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, যেখানেই মাদক, কিশোর গ্যাং কিংবা যেকোনো সামাজিক অপরাধের খবর পাওয়া যাবে, সেখানেই তাদের এই অভিযান চলবে। দিন কিংবা গভীর রাত—যেকোনো সময়েই মাদক ও কিশোর গ্যাং সহ সব ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।