তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসেদ মামুন (৩৯) নামে এক ব্যবসায়ি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
নিহত বাসেদ মামুনের ছোট ভাই মো. শরীফুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাসেদ মামুন (৩৯) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের সফিক হুজুরের বাড়ির মৃতঃ সুবেদার হাজী আব্দুল বারেক-এর ছেলে। নিহত বাসেদ মামুন ফেনী জেলা সদরে রেডিমেড কাপড় ব্যবসায়ী ছিলেন।
নিহত বাসেদ মামুনের ভাই শরীফুল ইসলাম জানান, গত কিছুদিন ধরে তার ভাই ডেঙ্গু জ্বরে অসুস্থ্য ছিল্ন। গত ৪ দিন পূর্বে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাসেদ মামুন স্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়-এর ২০০১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে আসে শোকের মাতম। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে উঠে শোকগাঁথা স্মৃতিচারণমূলক তার মৃত্যুর সংবাদ।
উপজেলার ৪ নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁয়া জানান, এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং আমার ইউনিয়নে একজনের মৃত্যুর সংবাদে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
এ ব্যাপারে বুধবার রাত ১০টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহিবুস সালাম খান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসেদ মামুন নামে একজন মারা যাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। শুনেছি সে কুমিল্লায় একটি প্রাইভেট হাসপাতালে মারা গেছেন। সে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে কিনা তাও আমি নিশ্চিত না। গত জানুয়ারী থেকে আজকে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ জন রোগী ভর্তি হয়ে ১০০ জনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি রোগী আছে।