তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর জাতীয় সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবায়।
নিহত বৃদ্ধ আব্দুল খালেক (৬৫) ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের জমিরউদ্দীনের বাড়ির মৃত জুনাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টায় পথচারীরা আলী আজ্জমের বসতঘরের পাশের ডোবায় মানুষের মতো কিছু একটা ভাসতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করলে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমাম হাসান এবং উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
নিহতের পরিবারের পক্ষে সোহাগ মিয়া তাঁর বাবার লাশ শনাক্ত করে বলেন, তাঁর বাবা আব্দুল খালেক গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘নশু মার্কেটের’ গ্রাম্য চিকিৎসক আলম ডাক্তারের ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। আজ তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) জানান, নিহত ব্যক্তিকে উদ্ধারের পর তাঁর হাতের মুঠোয় একটি টর্চলাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক করে ডোবায় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।