তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামে চন্দন কুমার সাহা নামে এক ব্যবসায়ীর ঘরে ডাকাতি করে ১৫ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ ২০ হাজার টাকা, ঘড়ি ও মোবাইল লুট করেছে ডাকাতদল।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দেড়টায় (১৭ নভেম্বর) উপজেলার ছোটনা হিমৎশিং গ্রামের ভুক্তভোগী ওই ব্যবসায়ীর বসতবাড়িতে।
খবর পেয়ে দেবীদ্বার থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী চন্দন কুমার সাহা বলেন, প্রতিদিনের মতো নিজ বসতঘরের লোহার কেঁচি গেইটে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত দেড়টার দিকে ঘরের ভেতরে ১০-১২ জনের একটি ডাকাতদল প্রবেশ করে তাকে জিম্মি করে ফেলে।
তালা কাটার সময় টের পাননি বলে তিনি জানান। পরে ডাকাতরা তার বসতঘরের দালানকোঠার তিনটি রুমের একে একে দরজা ভেঙে প্রবেশ করে। এক রুমে বড় ছেলে ও তাঁর স্ত্রী, অন্য রুমে মেয়ে ঘুমিয়ে ছিলেন। স্ত্রী আরেক সন্তানসহ আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ডাকাতরা তার হাত বেঁধে ছেলে ও মেয়ের কক্ষে নিয়ে মারধর করে নগদ অর্থ, স্বর্ণ, মোবাইল, ঘড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় সবাইকে একটি কক্ষে তালাবন্দী করে চলে যায়। পরে পাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করেন।
চন্দন কুমার সাহার মেয়ে পিংকী সাহা বলেন, আমার শ্বশুরবাড়ি চাঁদপুর জেলায়। পরীক্ষা দিতে বাবার বাড়িতে এসেছি। গত রাতে ১টার সময় আমি ঘুমিয়েছি। রাত দেড়টার সময় হঠাৎ দেখি আমার দরজা ভেঙে ডাকাতরা কক্ষে প্রবেশ করছে। তারা সঙ্গে সঙ্গে রামদা দিয়ে আমাকে জিম্মি করে। আমি ভয়ে গলার হার, কানের দুল খুলে দিই। পরে তারা আলমারি ভেঙে আমার বিয়ের সময় পাওয়া ৫ ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতি শেষে পরিবারের সকল সদস্যকে এক রুমে বন্দী করে পালিয়ে যায়।
স্থানীয় প্রতিবেশী শুভ শাহা বলেন, গভীর রাতে হঠাৎ একটি শব্দ শোনার পর আমার ঘুম ভেঙে যায়। রাস্তায় মানুষের চলাচলের শব্দ পেয়ে আমি বাইরে ‘কে কে’ বলে আওয়াজ করি। বাইরে থেকে একাধিক মানুষ আমাকে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। জানে মেরে ফেলার হুমকি দেওয়ায় ভয়ে আমি বাইরে হইনি। পরে আশপাশের কয়েকজনকে ফোন দিয়ে লোকজন জড়ো করি। লাঠি হাতে বাইরে গিয়ে দেখি ডাকাতরা চলে গেছে। চন্দন কুমার সাহার পরিবারের সবাই রুমে বন্দী ছিল। আমরা ১০-১৫ জন মিলে আধা কিলোমিটার এলাকায় ডাকাতদের খোঁজার চেষ্টা করেও পাইনি।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমিসহ থানার উপপরিদর্শক (এসআই) বাধন চন্দ্রসহ একাধিক দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তথ্য সংগ্রহ করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।