পবিত্র রমজানে বন্ধ থাকবে স্কুল

ডেস্ক রিপোর্ট।।
পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানিয়ে নতুন শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

নতুন ছুটির তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় ২৮ মার্চ পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা ছুটি কাটাতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজান মাসে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন, ইবাদত-বন্দেগি এবং পারিবারিক পরিবেশে সময় দেওয়ার সুযোগ করে দিতেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গরম আবহাওয়া ও শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও জানান, নির্ধারিত ছুটির পর যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় একাডেমিক প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট মামলার শুনানি শেষে রমজান মাসে স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। সেই আপিলে আগের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় ছুৃটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।