ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে চাচাতো ভাই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চাচাতো ভাই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং একই গ্রামের আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ (৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সমবয়সী ইমরান, জোনায়েদ ও বাইজিদ নামে তিন শিশু দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে না উঠলে সঙ্গে থাকা বাইজিদ চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেয়। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ইয়াসিন মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস জানান, স্বজনরা পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঘটনাস্থলে যাই। পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দেখা হয়েছে।

একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পুমকারা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক হৃদয়বিদারক পরিবেশ।