মণ্ডপে মণ্ডপে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন গোলাম সারোয়ার

স্টাফ রিপোর্টার।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ার। তিনি বলেছেন, সমাজ ও রাষ্ট্রে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করাই প্রকৃত ধর্মীয় ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে।

দুর্গাপূজার সপ্তমীতে শনিবার দিবাগত রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজক, পুরোহিত, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

গোলাম সারোয়ার বলেন, বর্তমানে কুমিল্লাসহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব পালন করছেন। এটি বাংলাদেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সৌন্দর্য। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখা সবার সম্মিলিত দায়িত্ব।

মোকাম ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে গোলাম সারোয়ার বলেন, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের কল্যাণে কাজ করা এবং একে অপরের পাশে দাঁড়ানোই হোক সবার অঙ্গীকার।

তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছাবাণীর উদ্ধৃতি দিয়ে বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’
প্রধানমন্ত্রীর দেওয়া বাণীর এই চেতনাকে ধারণ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে গোলাম সারোয়ার সেখানে দায়িত্ব পালনরত পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দায়িত্ব পালনের খোঁজখবর নেন। এ সময় তিনি আন্তরিকতা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে পূজার শেষ দিন পর্যন্ত উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

এদিকে আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের উদ্যোগে গোলাম সারোয়ারের পক্ষ থেকে মোকাম ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে অনুদান ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। এতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।