মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মুরাদনগর সদরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং মুরাদনগরের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মোহাম্মদ এরশাদ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মির্জা আবুল হাসেম, নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাইনুদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ ও যুগ্ম আহ্বায়ক মো. সফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, সম্প্রতি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সিঙ্গাপুরে চোখের অস্ত্রোপচার করা হয়। তাঁর সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।