স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর উত্তরপাড়া গ্রামে মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণের মাঠের আরসিসি ঢালাই কাজের অগ্রগতি পরিদর্শন এবং ওই এলাকায় একটি সংযোগ সড়কের কাজের খোঁজখবর নিয়েছেন আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ার।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে ডুবাইরচর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের সামনের বিরাটাকার খালি অংশে আরসিসি ঢালাই কাজের অগ্রগতি পরিদর্শনকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের মেরামত কাজের খোঁজখবর নেন।
মসজিদের মুসল্লি ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণের এই খালি অংশটি অনেকটা অবহেলিত অবস্থায় পড়ে ছিল। মাহফিল, জানাজা ও ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নানা রকম সমস্যা হতো। এ ছাড়া বর্ষা মৌসুমে মসজিদ ও মাদ্রাসার এই খালি অংশটি কর্দমাক্ত হয়ে থাকত। ফলে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও মসজিদের মুসল্লিদের যাতায়াতে বিড়ম্বনা হতো। সমস্যাটির বিষয়ে বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম জুনাব আলীর কনিষ্ঠ পুত্র সমাজসেবক গোলাম সারোয়ারের শরণাপন্ন হলে তিনি নিজস্ব অর্থায়নে মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণের এই খালি অংশটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করে দেওয়ার আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে জুমার নামাজ শেষে এই কাজের অগ্রগতি দেখতে আসেন তিনি।
স্থানীয়রা আরও জানান, কেবল মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণের খালি অংশই নয়, এখানকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের কাজও তিনি নিজ অর্থায়নে করে দিচ্ছেন। আজকাল এ ধরনের সমাজসেবার মনোবৃত্তিসম্পন্ন মানুষের খুবই অভাব। গোলাম সারোয়ার তাঁর পিতার আদর্শ ধরে রেখেছেন। তিনি জনপ্রতিনিধি হলে ইউনিয়নের ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
এ বিষয়ে সমাজসেবক গোলাম সারোয়ার বলেন, “সমাজের মানুষের জন্য আমার কাজ আজকের নতুন কিছু নয়। আমি দুই যুগেরও বেশি সময় ধরে মোকাম ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে আছি। আমার বাবা মানবসেবা করতেন। আমি তাঁর আদর্শ ধরে রাখার চেষ্টা করছি।”
গোলাম সারোয়ার বলেন, “মোকাম ইউনিয়নবাসীর জন্য আমার একটি মাস্টারপ্ল্যান রয়েছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ এলাকার যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে আমি কাজ করতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, মানুষের কল্যাণে আমার সাধ্যমতো উন্নয়নমূলক কাজ করে যাব। কাজের বিনিময়ে ভোটের রাজনীতি আমি করি না। আমি ইউনিয়নবাসীর উদ্দেশে বলেছি, জনকল্যাণমূলক কাজের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাই আমি বলে থাকি, ‘আগে কাজ, পরে ভোট’। নির্বাচনকে সামনে রেখে যাঁরাই আসবেন, তাঁদের জন্য এই বার্তা।”
তিনি বলেন, “আমি নির্বাচিত হতে পারলে সরাসরি মানুষের দোরগোড়ায় যাওয়ার এবং তাঁদের সমস্যা আরও কার্যকরভাবে সমাধানের সুযোগ পাব। তখন আমার পরিকল্পনা অনুযায়ী আরও বেশি কাজ করতে পারব। মানুষের জন্য, সমাজের জন্য কাজ করাটা যেন আমার পিতার উত্তরাধিকারসূত্রে আমার ভেতর জেগে বসেছে। তেমনি আমার মৃত্যুর পরও আমার সন্তানদের বলে গেছি, তারা যেন মানুষের পাশে সব সময় থাকে।”
উল্লেখ্য, সমাজসেবক গোলাম সারোয়ার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের তদারকিতে মোকাম ইউনিয়নের কয়েকটি গ্রামের ১৬টি সংযোগ সড়ক নতুন করে মেরামত করেছেন। সেই সঙ্গে বর্ষার জলাবদ্ধতা দূরীকরণে নির্মাণ করা হয়েছে চারটি ড্রেন, কালভার্ট ও গাইডওয়াল।