‎শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

কুমিল্লার পেপার ডেস্ক

‎শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম মাহমুদুল হাসান রুবেল (৩৪)। তিনি ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের দিকে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে আটক করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে। এই হত্যা মামলার ৫৫ নম্বর আসামি তিনি।


‎ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বনগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বিল এলাকা থেকে মাহমুদুল হাসান রুবেলকে গ্রেফতার করা হয়।

‎শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।