পারভেজ সরকার, দেবিদ্বার।।
অন্যান্য সরকারের বিরোধী দল থাকে একটি, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরোধী দল দুটি, একটি আওয়ামী ফ্যাসিস্ট, অন্যটি জামায়াত-এনসিপি। এমন মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঠিত দেবিদ্বার উপজেলা পূজা মনিটরিং টিমের আহ্বায়ক সুফিয়া বেগম।
মঙ্গলবার ও বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সুফিয়া বেগম বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। এই স্বল্প সময়ের মধ্যে সরকার দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মসজিদের ইমামদের পাশাপাশি মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতন-ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দেবিদ্বারের ছয়টি মন্দিরের পুরোহিত এ সুবিধার আওতায় এসেছেন। পর্যায়ক্রমে আরও পুরোহিতকে এ সুবিধার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আগে দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হতো। বর্তমান সরকার সেই বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি করেছে। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটিও এক দিন বাড়ানো হয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সুফিয়া বেগম সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেবিদ্বারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার পক্ষ থেকে নারীদের মধ্যে শাড়ি উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক ও পূজা মনিটরিং কমিটির সদস্যসচিব মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার, আবদুর রউফ, আবদুর রহমান ও ইব্রাহিম খলিল, দেবিদ্বার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুবদল নেতা ফেরদৌস আহমেদ ও রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল খালেক, ছাত্রনেতা রফিকুল ইসলাম মুন্সিসহ সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।