স্টাফ রিপোর্টার।।
সরকার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর মন্দিরে রথযাত্রার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, যুগে যুগে একটি পক্ষ হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে কুমিল্লাসহ সারা দেশে ফায়দা লোটার চেষ্টা করেছে। তবে ভবিষ্যতে আর তা হতে দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এছাড়া জগন্নাথপুর মন্দিরের উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতায় সরকারের সর্বোচ্চ সহায়তা অব্যাহত থাকবে।
রথযাত্রার উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ হাজারো ভক্ত ও দলীয় নেতাকর্মী।