নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের গাংচর এলাকায় একটি ভবন হেলে পড়ায় চরম ঝুঁকিতে রয়েছেন স্থানীয় শতাধিক পরিবার ও দোকান। ঝুঁকিপূর্ণ এই ভবনের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর। এ বিষয়ে প্রতিকার চেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাংচর গোয়ালপট্টি চৌরাস্তার মোড় সংলগ্ন পানপট্টি রোডের পাশে প্রায় ৭ শতক জায়গার ওপর নির্মিত তিন তলা ভবনটির মালিক জনৈক আকতার হোসেন। ভবনটির নিচতলায় ‘মেসার্স নিউ দেবনাথ টিম্বার মার্কেট’ নামের একটি দোকান ভাড়া দেওয়া রয়েছে। দীর্ঘদিন ধরে ভবনটি একপাশে দেবে গিয়ে পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে। একই সঙ্গে ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকায় ভবনটি এভাবে হেলে থাকায় আশপাশের শতাধিক পরিবারের মানুষ চরম আতঙ্কে রাত কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা একাধিকবার বাড়ির মালিক আকতার হোসেনের দৃষ্টি আকর্ষণ করলেও তিনি বিষয়টি প্রতিনিয়তই এড়িয়ে যাচ্ছেন। কোনো উপায় না পেয়ে অবশেষে এলাকাবাসী সিটি প্রশাসকের শরণাপন্ন হয়েছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করা শর্তে বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি সিমেন্ট দিয়ে জোড়া দিয়েছেন৷ এ ভবনের কারণে চার দিকে শতাধিক পরিবার ঝুঁকিতে রয়েছে।
এদিকে ভবনটির বর্তমান অবস্থা ও স্থানীয়দের অভিযোগের বিষয়ে বাড়ির মালিক আকতার হোসেন জানান, ২০১৫ সালে তিনি এই ভবনটি নির্মাণ করেন। ভবন হেলে পড়া এবং ফাটলের বিষয়ে তার দাবি, “ইঁদুর নিচের মাটি সরিয়ে ফেলায় ভবনে কিছুটা তির্যক ফাটল ধরেছে। তবে এতে মানুষের কোনো ক্ষতি হবে না। যদি কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার আমি নেব।”
ভবন নির্মাণের নিয়ম ও অনুমোদনের বিষয়ে তিনি আরও দাবি করেন, এই ভবনের ৬ তলা পর্যন্ত পৌর অনুমোদন রয়েছে এবং ভবনটি ৭০ ফিট পাইলিং করে শক্ত ফাউন্ডেশন দিয়েই তৈরি করা হয়েছে।
তবে মালিকপক্ষ বিষয়টিকে স্বাভাবিক দাবি করলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক কাটছে না। একটি ব্যস্ততম বাণিজ্যিক ও আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার বিষয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন জানান, লিখিত অভিযোগ পেয়েছি।
তদন্ত করে জননিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তাদের ভবনের বৈধ কোন কাগজপত্র আছে কিনা, তা যাচাই করে দেখবো৷