কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের  চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নং কালির বাজার ইউনিয়নের কমলাপুর (দৈয়ারা) গ্রামে সাধারণ পথিকদের সুপেয় পানির কষ্ট দূর করতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় পরিমল ডাক্তারের বাড়ির সামনে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই টিউবওয়েলটি উদ্বোধন করা হয়।

টিউবওয়েল স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, লেখক ও বাত-ব্যথা-প্যারালাইসিস বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক রূপক চন্দ্র রায়, যুব বিভাগের লিডার শাহ নেওয়াজ এবং মোঃ নাজমুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কালির বাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি বলেন, “একটি এলাকার মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বিশুদ্ধ পানি অন্যতম। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। দীর্ঘ পথ চলায় সাধারণ পথিক ও শ্রমজীবী মানুষের সুপেয় পানির যে কষ্ট হতো, এই টিউবওয়েলটি স্থাপনের মাধ্যমে তা দূর হবে। মানবসেবার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসি, তবে আমাদের কালির বাজার ইউনিয়ন একটি আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতেও আমি কালির বাজার ইউনিয়নের জনগণের পাশে থেকে যেকোনো সুখে-দুঃখে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”