কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুটকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার।।
মোহনা টেলিভিশনের কুমিল্লা দাউদকান্দির কার্যালয়ের মালামাল লুট করে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
রোববার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
এঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন-কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামূল হক ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হার, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাংবাদিক ওমর ফারুকী তাপস,এখন টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, চ্যানেল ওয়ানের দিল রুবাইয়াৎ সৌরভী, যমুনা টিভির খোকন চৌধুরী,দেশ টিভির সুমন কবির ভূইয়া, এসএ টিভির রফিকুল ইসলাম, ডিবিসির নাসির উদ্দিন চৌধুরী, নিউজটোয়েন্টিফোরের এইচএম মহিউদ্দিন, জিটিভির মহিউদ্দিন ভূইয়া, ষ্টার টিভির আবদুল্লাহ আল মারুফসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহাব উদ্দিনের অফিসের মালামাল দিনে দুপুরে ৪টি ভ্যানে করে নিয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেয়া মানেই হলো স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালন কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ লুট হওয়ার মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যকর ভুমিকার রাখার দাবির জানান।
গেল ৬ জুলাই মোহনা টেলিভিশনের কুমিল্লা দাউদকান্দির কার্যালয়ের তালা ভেঙে অফিসে থাকা মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।