জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেবিদ্বারে শিক্ষকের বিদায়

দেবিদ্বার প্রতিনিধি।।
দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৫৫ নম্বর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম সরকার। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

বুধবার (২ সেপ্টেম্বর) প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীরা সুসজ্জিত গাড়িতে করে তাদের প্রিয় শিক্ষককে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে ফুল দিয়ে বরণ করে তাকে দেওয়া হয় সংবর্ধনা। এ সময় দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আয়েশা আক্তার, বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জহিরুল ইসলাম, দি রয়েল কলেজের প্রভাষক আবদুল হালিম ও জয়নাল আবেদীন মেম্বার।

এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে মো. আবু তাহের মাস্টার, জাফরগঞ্জ ইউনিয়ন শিক্ষক প্রতিনিধি মনোয়ারা বেগম এবং গ্রামবাসীর পক্ষ থেকে আবদুল মালেক সরকার ও আবদুল হাকিম বক্তব্য রাখেন।

জানা যায়, মো. মনিরুল ইসলাম সরকার ১৯৯৫ সালে দাউদকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানে প্রায় ২৪ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখেন এই শিক্ষক। তাই বিদায়ের দিনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত গাড়িতে করে বিদায়ী শিক্ষককে তার বাড়িতে পৌঁছে দেন প্রাক্তন শিক্ষার্থীরা। যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

প্রিয় শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও শ্রদ্ধা তার দীর্ঘ কর্মজীবনের অন্যতম বড় অর্জন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।