তারেক রহমানের সঙ্গে কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনের সাক্ষাৎ ও কুশল বিনিময়

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও ঢাকা ১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার গুলশান কার্যালয়ে এ কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন দলীয় প্রধানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।

দলীয় সূত্র জানায়, সাক্ষাৎকালে কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলকে আরও সুসংগঠিত করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় থাকার তাগিদ দেন। কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন শক্তি ও উদ্যম নিয়ে এগিয়ে যাচ্ছে। কুমিল্লা-৫ আসনের নেতাকর্মীরা তাঁর দিকনির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
দলীয় নেতারা মনে করছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এ ধরনের সাক্ষাৎ ও মতবিনিময় তৃণমূলের মনোবল বৃদ্ধি এবং সাংগঠনিক সমন্বয় জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।