দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আহনাফ তিহামী,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে একটি পুরোনো এক্স-নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম রাজন (৩১) ও ফরহাদ হোসেন ওরফে রাহাত (৩০)। তরিকুল ইসলাম রাজন নীলফামারীর জলঢাকা উপজেলার গলমন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদুল্লাহ ওরফে আসাদের ছেলে। ফরহাদ হোসেন ওরফে রাহাত সিলেটের মোগলাবাজার থানার ৮ নম্বর মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী গ্রামের আনোয়ার হোসেন ওরফে বাচ্চু মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গাশিটোলা, লামাপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই মাসুদ আলম পাটোয়ারী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় একটি পুরোনো এক্স-নোহা গাড়ি চেকপোস্টের কাছে এলে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি করে। পরে গাড়ির ভেতর থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাঁজাসহ গাড়িটি জব্দ এবং গাড়িতে থাকা তরিকুল ইসলাম রাজন ও ফরহাদ হোসেন ওরফে রাহাতকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-চ-৫১-১২২৪।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে এর আগে সাতটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।