দেবিদ্বারে ইউনাইটেড স্কাউটস অ্যাসোসিয়েশনের উদ্বোধন, ট্যালেন্ট ফেস্টের পুরস্কার বিতরণ

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে ইউনাইটেড স্কাউটস অ্যাসোসিয়েশনের (ইউনিসা) আনুষ্ঠানিক উদ্বোধন এবং ‘ইউনিসা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুল্লাহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মিজান নাসরিন ওপেন স্কাউট গ্রুপের উপদেষ্টা মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান মুন্সী।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন যুবনেতা মো. সিয়াম ইসলাম ও মো. নাইমুল ইসলাম সরকার। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়টির স্কাউট গ্রুপের স্কাউট নেতা মো. রবিউল ইসলাম এবং মিজান নাসরিন ওপেন স্কাউট গ্রুপের সহসভাপতি নাজমুল হক চৌধুরী।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, দক্ষ, আত্মনির্ভরশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম ও সমাজসেবার মানসিকতা তৈরিতে স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারণের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে ‘ইউনিসা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’-এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।