দেবিদ্বারে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ: আসামি ফারুকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

পারভেজ সরকার, দেবিদ্বার।।
​কুমিল্লার দেবিদ্বারে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফারুককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

সোমবার বিকেলে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পৈরাংকুল আব্দু মার্কেট এলাকায় ‘অত্র এলাকার সর্বসাধারণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যায় উপ‌জেলার পৈরাংকুল গ্রা‌মের কোনাহাটি এলাকায় ধর্ষণের শিকার হন ওই বাকপ্রতিবন্ধী নারী। ঘটনার পরপরই স্থানীয় একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ তোলেন ক্ষুব্ধ এলাকাবাসী। পরে স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে অভিযুক্ত ফারুক আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ১ সে‌প্টেম্বর দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন অসহায় ও বাকপ্রতিবন্ধী নারীর ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুততম সময়ের মধ্যে ফারুককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

​মানববন্ধনে বক্তব্য দেন ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাছির, স্থানীয় বাসিন্দা মো. সোহেল, মো. হাসেম, সাইফুল ইসলাম ছোটন, মো. রেহান উদ্দিন, মো. নাসির উদ্দিন ও খাইরুল আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “ পৈরাংকুল গ্রা‌মে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষ‌নের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার এড়া‌তে আত্ম‌গোপ‌নে চ‌লে গে‌ছে। তা‌কে গ্রেপ্তা‌রে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”