দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, জুলাই শহীদদের স্মরণে দোয়া

পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণ-আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতেরও আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকা হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আনন্দ মিছিল শুরুর আগে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, বিএনপিতে অন্য দল থেকে আগত বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হবে না। পাশাপাশি চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না বলেও তারা কঠোর অবস্থানের কথা জানান।

এসময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব আবুল কালাম আজাদ।