পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রায় ২২ কোটি টাকার সড়ক পুনর্নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে| অভিযোগ রয়েছে, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হকের প্রত্যক্ষ সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট ও ইটের খোয়া ব্যবহার করে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে|
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার বরাট-রাজামেহার সড়কে সরেজমিনে গিয়ে এমন অনিয়মের চিত্র দেখা যায়|
জানা গেছে, এলজিইডির অধীনে প্রায় ৮ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ প্রকল্পটির কাজ করছে মোস্তফা জামান ট্রেডার্স| স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরু থেকেই রিটার্নিং ওয়াল, কালভার্ট ও ডব্লিউবিএম কাজে অনিয়ম চলছে| নির্ধারিত মানের ৫০ এমএম সাইজের প্রথম শ্রেণির ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের ইট ও ছোট সাইজের খোয়া ব্যবহার করা হচ্ছে|
স্থানীয়দের দাবি, নিম্নমানের কাজের বিষয়টি ধরা পড়লে একপর্যায়ে কাজ বন্ধ করা হলেও পরে উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হকের যোগসাজশে ঠিকাদার পুনরায় একইভাবে কাজ চালিয়ে যান| এতে প্রকল্পের গুণগত মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে|
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, প্রায় আড়াই কিলোমিটার ডব্লিউবিএম কাজ চার দিনের মধ্যে শেষ করেছি| কিছু জায়গায় নিম্নমানের কাজ হয়েছে, বিষয়টি আমরা স্বীকার করছি| যেসব নিম্নমানের খোয়া ফেলা হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়া হবে|
তবে অভিযোগ অস্বীকার করে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হক বলেন, গত এক সপ্তাহ ধরে আমি সাইটে যাইনি| আমার অনুপস্থিতিতে ঠিকাদার দ্রুত কাজ করতে গিয়ে নিম্নমানের কাজ করেছে| বিষয়টি জানতে পেরে নিম্নমানের ইটের খোয়া সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি|
এদিকে স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকির অভাব ও কিছু কর্মকর্তার যোগসাজশের কারণেই বারবার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে| তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন|