দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনষ্ট

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।

কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ড্রেজার ও ১০০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ইউসুফপুর এবং বড়শালঘর ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্রম চাকমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন।

দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার ইউসুফপুর এবং বড়শালঘর ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইউসুফপুর ইউনিয়নের পীরমহেশপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ০২টি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ এবং বড়শালঘর ইউনিয়নের ০২টি ড্রেজার ও ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্রম চাকমা বলেন, কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।