নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩

ডেস্ক রিপোর্ট।।

‎নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সাথে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বাকি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎সংঘর্ষের পর ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে বা হাসপাতালে পৌঁছানোর পর আরও একজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এরপর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

‎দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ।

‎তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নয়জনের লাশ উদ্ধার করেন। পরে লাশগুলো নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।

‎বনপাড়া হাইওয়ের থানার সহকারী পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। অন্যদের নাম–পরিচয় জানা যায়নি।