গাজী রুবেল:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির উঠানে হাঁটতে গিয়ে সাপের কামড়ে মাহমুদা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ধান্যদৌল কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশের বাসিন্দা ফিরোজ মিয়ার মেয়ে মাহমুদা গত শুক্রবার রাতে বাড়ির উঠানে হাঁটার সময় ডান পায়ে সাপের কামড়ের শিকার হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান।
মাহমুদার চাচি জানান, বাড়ির উঠানে হাঁটার সময় তার ডান পায়ে সাপে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান। রাতে অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মো. জান্নাতুন নাঈম (নাঈম আবদুল্লাহ) বলেন, রাতে সাপে কামড় দিয়েছে জানিয়ে পরিবারের সদস্যরা মাহমুদাকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ দেখা দিলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। রাত ২টা ৩০ মিনিটে তাকে পুনরায় হাসপাতালে আনা হলে দেখা যায়, সে মারা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) বাদ জোহর ধান্যদৌল কেন্দ্রীয় মসজিদ মাঠে জানাজা শেষে মাহমুদাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাহমুদা স্থানীয় ধান্যদৌল আবদুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।