ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের হাতে আটক পুলিশের দুই সদস্য

গাজী রুবেল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর বাংলাদেশ পুলিশের ব্রাহ্মণপাড়া থানার দুই সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক দুজন হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তাঁরা এখনো বিএসএফের হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ডিউটি পার্টির সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান তাঁকে ধাওয়া করেন।

একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করলে সীমান্তে অবস্থানরত ভারতীয় স্থানীয় বাসিন্দারা কনস্টেবল রোহিত দেওয়ানকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। পরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়।

এরপর দুই পুলিশ সদস্যকে বিএসএফের হেফাজতে নেওয়া হয়।শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, আমাদের দুইজন পুলিশ সদস্যকে ভারতীয় বিএসএফ আটক করেছে। তাঁরা এখনো বিএসএফের হেফাজতে রয়েছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।