কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীপথে চাঁদাবাজির ঘটনায় আলোচিত মামুন গ্রুপের সদস্য ইমরান (২৮) কে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
গতকাল (২২ মার্চ) রোববার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার লক্ষণখোলা গ্রাম থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা ও কাঠালিয়া নদীপথে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে তিতাসের মামুন নামে এক শীর্ষ চাঁদাবাজ। গ্রেফতারকৃত ইমরান তার অন্যতম সহযোগী। তিনি রাধানগর ইউনিয়নের পাড়ারবন গ্রামের শহিদ মিয়ার ছেলে।
ইমরানের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজমগীর হোসেন জানান, নদীপথ নিরাপদ রাখতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজ বা দুষ্কৃতিকারীদের জায়গা কাঠালিয়া নদী পথে হবে না।
গ্রেফতারকৃত আসামীকে আইনী প্রক্রিয়া শেষে আজ কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।