মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান রেখে দুঃসম্পর্কের ভাগ্নীকে বিয়ে করার অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে আরিফ প্রধান (৩৮)। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।
শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজে গোবিন্দপুর ইউনিয়নের থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড়ে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, আরিফ প্রধান প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা অবস্থায় সম্পর্কে ভাগ্নী হওয়া প্রতিবেশী চাচাতো বোনের মেয়েকে বিয়ে করেন। এ ঘটনায় তাঁর প্রথম স্ত্রী মোসা. লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আরিফ প্রধানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।”