স্টাফ রিপোর্টার।।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সারের দাম বাড়ার অভিযোগ সত্য নয়। একটি সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিমভাবে সারের সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে। যারা এ সংকট তৈরির চেষ্টা করছে, তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্ল শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আরও বলেন ‘কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন; এ সরকার তা-ই করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। আগামী দিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য পাবে। এতে করে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই আমাদের সরকারের প্রতিজ্ঞা। আগামীদিনে কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য।’
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি।
আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিন উর রশীদ ইয়াছিন বলেন, মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করতে হবে। মানুষের ভালোবাসার কোনো বিকল্প নেই। জনগণের কাছে ফিরে যেতেই হবে। আমরা মঞ্চে দাঁড়িয়ে বলি, জনগণের জন্য রাজনীতি করি। তাই মুখের কথা, অন্তরের কথা ও মাথার চিন্তা- তিনটিই যেন এক হয়।