যুদ্ধবিরতি নাকি যুদ্ধ, সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরান

ডেস্ক রিপোর্ট।।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে—তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরাইলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। খবর আলজাজিরার।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির শর্তগুলো পরিষ্কার ও নির্দিষ্ট। আমেরিকাকে হয় যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে একটিকে বেছে নিতে হবে; দুটি একসাথে চলতে পারে না।’

আরাগচি আরো বলেন, বিশ্ব লেবাননে গণহত্যা দেখছে। এখন ‘বল’ যুক্তরাষ্ট্রের কোর্টে, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কি না তা বিশ্ববাসী দেখছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধ করতে হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ দেওয়া এক পোস্টে আরাগচি দাবি করেন, এই বিষয়টি ইতোমধ্যেই সমঝোতার অংশ ছিল—যা ইসরাইলের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।