মারুফ আহমেদ।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এক বাহরাইন প্রবাসীর বাসায় সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, এটিএম কার্ডসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তর দুর্গাপুর ইউনিয়ন-এর নিশ্চিন্তপুর মুন্সিবাড়ি মসজিদ সংলগ্ন মনু মুন্সির বাড়ির চতুর্থ তলায়। ভুক্তভোগী বাহরাইন প্রবাসী রুবেল হোসেনের স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করায় বাসাটি ফাঁকা ছিল বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে কোনো এক সময় চোরচক্র কৌশলে সদর দরজার তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। পরে পাশের বাসার লোকজন দরজা খোলা দেখতে পেয়ে পরিবারকে বিষয়টি জানায়।
বৃহস্পতিবার সকালে রুবেল হোসেনের স্ত্রী ও শাশুড়ি এসে দেখেন, পুরো ঘর তছনছ অবস্থায় পড়ে আছে। আলমারি, ওয়ারড্রব ও বিভিন্ন আসবাবপত্রের তালা ভাঙা এবং মূল্যবান জিনিসপত্র উধাও।
ভুক্তভোগীর মা রোখসানা বেগম বলেন,“আমার ছেলে বিদেশে থাকে। আমি ও আমার ছেলের স্ত্রী এখানে থাকতাম। গ্রামের একটি অনুষ্ঠানে যাওয়ায় বাসাটি কয়েকদিন ফাঁকা ছিল। ফিরে এসে দেখি ঘরের সবকিছু এলোমেলো, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, কাপড়চোপড় ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা।”
ঘটনার রহস্য আরও ঘনীভূত করেছে সিসিটিভি ফুটেজ। পরিবার সূত্রে জানা গেছে, ফুটেজে প্রথমে একজন ব্যক্তিকে প্যান্ট-টি-শার্ট পরিহিত অবস্থায় বাসায় প্রবেশ করতে দেখা যায়। পরে কয়েকটি ব্যাগ হাতে বোরখা পরিহিত একজনকে ভবন থেকে বের হয়ে যেতে দেখা গেছে।
পরিবারের দাবি, এটি প্রথম ঘটনা নয়। গত বছরের নভেম্বর মাসেও একই বাসায় একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল। তখনও বিপুল পরিমাণ মালামাল খোয়া যায়, তবে এখন পর্যন্ত সেসব উদ্ধার হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, নিশ্চিন্তপুর ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন কোনো না কোনো বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে অপরাধ সংঘটিত হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো জরুরি।
এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।