দাউদকান্দিতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন শেখালেন ইউএনও

আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক ব্যবহারে শিক্ষার্থীদের সচেতন করতে কুমিল্লার দাউদকান্দিতে ট্রাফিক আইন, সড়ক সংকেত ও নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম শেখানো হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সড়কে চলাচলের নিয়মকানুন ও প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে ধারণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। নিসচার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মো. জাকির হোসেন শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন নিয়ম সম্পর্কে পাঠদান করেন। তিনি নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সড়কে চলাচলের সময় অসতর্কতা পরিহার এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে জেলা ট্রাফিক বিভাগের টিএসআই মো. সুমন শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও সড়ক সংকেত সম্পর্কে ধারণা দেন। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ এবং পথচারী হিসেবে দায়িত্বশীল আচরণের বিষয়ে আলোচনা করা হয়। চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব বলেও উল্লেখ করা হয়।

নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সড়ক ব্যবহারের সঠিক নিয়ম শেখানো গেলে শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে ভূমিকা রাখতে পারবে।

আলোচনা শেষে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়। পরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নিসচার সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. শেলিনা আক্তার, নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যনির্বাহী সদস্য মো. ইকরামুল হাসান ও মো. ফয়সাল সিকদার এবং সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজিব হোসেন জয় ও মো. কাওসার আলম প্রমুখ।