কুমিল্লায় রেল ওভারপাস বর্ধন ও মরণফাঁদ ব্যারিক্যাড অপসারণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

পদুয়ারবাজার রেল ওভারপাস পল্লী বিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার অংশে মরণফাঁদ ব্যারিক্যাড অপসারণ, মহাসড়কে হতাহতদের ক্ষতিপূরণ, রেল বাস সংঘর্ষে দূঘটনায় নিহত আহতদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে মহানগর ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির আয়োজনে পদুয়ারবাজার বিশ্বরোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পদুয়ারবাজার বিশ্বরোড এখন এক মরণফাঁদে পরিনত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মরছে। বিগত পতিত সরকারের সময় রেল ওভারপাস করা হলেও অদৃশ্য কারনে তা স্বল্প আকারে করা হয়। যার কারনে ইউটার্ন নিতে গিয়ে অসংখ্য দুর্ঘটনার শিকার হতে হয়। নোয়াখালী লক্ষীপুরগামী বাসের জন্য কোন ওভারপাস বা ইউলুপ নাই। মহাসড়কে ব্যারিক্যাড দিয়ে মানবসৃষ্ট মরণফাঁদ তৈরি করা হয়েছে। যার সর্বশেষ সংযোজন গতকালের বাস রেলের সংঘর্ষে ১২ জনরে প্রানহানী। আমরা এর উত্তরন চাই, স্থায়ী সমাধান চাই।
তারা আরও বলেন, এই আসনের এমপি জননেতা মনিরুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবীতে আন্দোলন করে আসছেন। ইতিমধ্যে তিনি মন্ত্রীর কাছে আবেদন করেছেন। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। আমরা তাঁর নির্দেশনায় আজ মানববন্ধনে দাঁড়িয়েছি। অনতিবিলম্বে পদুয়ারবাজার বিশ্বরোডের ওভারপাস পল্লীবিদ্যুৎ পাড় করে নাসাতে হবে। নোয়াখালীগামী সড়কে ইউলুপ নির্মান করতে হবে। হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে৷

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, মহানগর দক্ষিণ থানা বিএনপির সভাপতি আবু হানিফ, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টু, বিএনপি নেতা আমানউল্লাহ আমান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দস ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।