ব্রাহ্মণপাড়ায় বিকাশ প্রতারণা: হাতেনাতে ধরা দুই যুবক, গণপিটুনি দিয়ে চুল ন্যাড়া

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিকাশের মাধ্যমে প্রতারণার সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে মাথার চুল ন্যাড়া করে ছেড়ে দেয়।

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন—ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার জাকির হোসেনের ছেলে রাব্বি (২০) এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের সেলিম মিয়া (২২)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টাটেরা নিউমার্কেটের একটি দোকানে গিয়ে ওই দুই যুবক নিজেদের বিকাশ নম্বরে ৩ হাজার টাকা লোড করেন। পরে টাকা পরিশোধ না করে কৌশলে দোকান থেকে পালানোর চেষ্টা করলে দোকানমালিক চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে তাঁদের আটক করে। ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দেয় এবং শাস্তিস্বরূপ মাথার চুল কামিয়ে দেয়। দোকান মালিক জামাতুল ইসলাম বলেন, আমার দোকান থেকে বিকাশে ৩ হাজার টাকা নিয়ে তাঁরা পালানোর চেষ্টা করছিলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের হাতেনাতে ধরা হয়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবহিত করেনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।