ব্রাহ্মণপাড়া সীমান্তে  বিজিবির অভিযানে ভারতীয় শাড়ির চালান জব্দ

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন সীমান্ত এলাকায় জোরালো অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ির একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সীমান্ত পিলার ২০৬১/৪-এস-এর শূন্য লাইন থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সংস্থাটি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান দমন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।