ময়নামতি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হোসাইন মোহাম্মদ কবিরের গণসংযোগ জোরদার

মারুফ আহমেদ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ৬নং ময়নামতি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হোসাইন মোহাম্মদ কবির। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে স্থানীয়দের সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন।

হোসাইন মোহাম্মদ কবির ময়নামতি ইউনিয়নের মধ্যম শাহদৌলতপুর গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন।
চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে হোসাইন মোহাম্মদ কবির বলেন, “ময়নামতি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছ সেবা নিশ্চিতকরণ এবং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখব।”

তিনি আরও বলেন, “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার মূল লক্ষ্য। আপনাদের আস্থা, ভালোবাসা ও দোয়ায় একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ময়নামতি ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ময়নামতি ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। ফলে নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।