পোল্ট্রি শিল্পের ক্রান্তিকাল: করপোরেটের আগ্রাসন বনাম প্রান্তিক খামারীদের অস্তিত্বের লড়াই

বাংলাদেশের মানুষের পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণের সবচেয়ে সস্তা ও নির্ভরযোগ্য উৎস হলো ডিম ও মুরগি। আর এই বিশাল চাহিদার সিংহভাগ জোগান দিয়ে আসছেন দেশের লাখ লাখ প্রান্তিক খামারী। গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে এই খাতের অবদান অনস্বীকার্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেশের অন্যতম বৃহৎ এই পোল্ট্রি শিল্প এখন এক গভীর ক্রান্তিকাল পার করছে। আজ প্রান্তিক খামারীদের ভবিষ্যৎ নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

একদিকে জায়ান্ট করপোরেট কোম্পানিগুলোর আধুনিকায়ন ও আধিপত্য,অন্যদিকে প্রান্তিক খামারীদের অস্তিত্ব রক্ষার লড়াই—সব মিলিয়ে পোল্ট্রি খাত এখন এক অসম প্রতিযোগিতার মুখোমুখি।

# করপোরেটদের টেকনিক্যাল অ্যাডভান্টেজ ও মনোপলি সময়ের সাথে সাথে পোল্ট্রি শিল্পে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর আগমন ঘটেছে। তারা নিজস্ব ফিড মিল, অত্যাধুনিক হ্যাচারি, বায়োসিকিউরিটি এবং অটোমেশন প্রযুক্তির ছোঁয়ায় কম লোকবল দিয়ে বিশাল পরিসরে মুরগি ও ডিম উৎপাদন করছে। যেহেতু তাদের বাচ্চা ও ফিড (খাদ্য)এবং মেডিসিন নিজেদেরই তৈরি,তাই তাদের উৎপাদন খরচ প্রান্তিক খামারীদের চেয়ে অনেক কম। ফলে স্বাভাবিকভাবেই বাজারের প্রতিযোগিতায় তারা অনেকখানি এগিয়ে থাকছে। কিন্তু সমস্যা আধুনিকায়নে নয়, সমস্যা হলো যখন এই বড় কোম্পানিগুলো বাজার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একচেটিয়া বা মনোপলি ব্যবসা শুরু করে।

#প্রান্তিক খামারীদের দেওয়ালে পিঠ: অসম এক প্রতিযোগিতা ঠিক করপোরেটদের বিপরীত চিত্রে চরম অসহায়ত্বের মধ্যে আছেন আমাদের প্রান্তিক খামারীরা। ট্র্যাজেডিটা এখানেই—যে করপোরেট কোম্পানিগুলোর সাথে প্রান্তিক খামারীদের বাজারে প্রতিযোগিতা করতে হচ্ছে, সেই কোম্পানিগুলোর কাছ থেকেই খামারীদের চড়া মূল্যে কিনতে হচ্ছে মুরগির বাচ্চা, ফিড এবং প্রয়োজনীয় ওষুধপত্র।

★ চক্রবৃদ্ধি সংকট ও সিন্ডিকেট: ফিড ও বাচ্চার দাম প্রতিনিয়ত আকাশচুম্বী হচ্ছে। অথচ সিন্ডিকেট বা বাজারের কৃত্রিম অস্থিরতার কারণে খামারীরা যখন ডিম ও মুরগি বিক্রি করতে যাচ্ছেন, তখন উৎপাদন খরচের চেয়েও কম দামে, অর্থাৎ পানির দরে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

★ ঋণের ফাঁদ ও মূলধন ক্ষয়: বছরের পর বছর ধরে লোকসান গুনতে গুনতে হাজারো খামারীর মূলধন আজ শেষ। অনেকেই চড়া সুদে ব্যাংক বা এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে বহু খামারী দেউলিয়া হওয়ার পথে, অনেকেই খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

★ আশার মরীচিকা: “আজ না হয় কাল সুদিন আসবে, সিন্ডিকেট ভাঙবে”—এই বুকভরা আশা নিয়ে খামারীরা এখনও টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত সুদিন যেন এক অধরাই থেকে যাচ্ছে।

#পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ কোন দিকে?
বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হওয়া স্বাভাবিক যে, এই শিল্প কি তবে পুরোপুরি করপোরেটদের পকেটে চলে যাচ্ছে? প্রান্তিক খামারীরা কি স্রেফ হারিয়ে যাবেন? যদি প্রান্তিক খামারীরা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, তবে পুরো বাজার ব্যবস্থা গুটিকয়েক করপোরেট কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাবে। তখন তারা নিজেদের ইচ্ছামতো ডিম ও মুরগির দাম বাড়াবে বা কমাবে, যা দেশের সাধারণ ভোক্তার জন্য হবে এক ভয়ংকর বিপর্যয়।

মুক্তবাজার অর্থনীতিতে করপোরেটদের দরকার আছে, কিন্তু তা প্রান্তিক খামারীদের ধ্বংস করে নয়। এই শিল্পের একটি টেকসই, ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।

★ টেকসই ভবিষ্যতের জন্য করণীয় ও নীতি সহায়তা
পোল্ট্রি শিল্পকে বাঁচাতে এবং প্রান্তিক খামারীদের সুরক্ষা দিতে সময়ের দাবিতে নিচের পদক্ষেপগুলো নেওয়া জরুরি:
ন্যায্য বাজার ব্যবস্থা ও নজরদারি: করপোরেট কোম্পানিগুলোর একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ (মনোপলি) এবং ফিড-বাচ্চার সিন্ডিকেট কঠোর হস্তে দমন করতে হবে। ডিম ও মুরগির সুনির্দিষ্ট ও ন্যায্য দাম নির্ধারণে সরকারি তদারকি বাড়াতে হবে।

★ উৎপাদন খরচ কমানোর সুযোগ (ভর্তুকি): প্রান্তিক খামারীদের বাঁচাতে আমদানি করা পোল্ট্রি খাদ্যের কাঁচামালের ওপর শুল্ক কমানো এবং প্রয়োজনে সরাসরি ফিড ও বাচ্চার ওপর সরকারি ভর্তুকির ব্যবস্থা করা উচিত।

★ প্রযুক্তির সহজলভ্যতা ও সহজ শর্তে ঋণ: সমবায় পদ্ধতির মাধ্যমে প্রান্তিক খামারীদের মাঝেও আধুনিক অটোমেশন প্রযুক্তি পৌঁছে দিতে হবে। পাশাপাশি দেউলিয়া হওয়া খামারীদের আবার ঘুরে দাঁড়ানোর জন্য বিনা সুদে বা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে।

★ উপসংহার
পোল্ট্রি শিল্পকে বাঁচাতে হলে প্রান্তিক খামারীদের সুরক্ষা দেওয়া কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং দেশের কোটি কোটি মানুষের প্রোটিনের জোগান এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি এখন রাষ্ট্রের সবচেয়ে বড় তাগিদ। লাখো খামারীর স্বপ্ন, শ্রম আর ঋদস্পন্দন জড়িয়ে থাকা এই শিল্প যেন স্রেফ পুঁজিপতিদের বিলাসের মাধ্যম না হয়, তার জন্য এখনই নীতিগত মহাপরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন প্রয়োজন।

লেখক-আজাদ আবেদীন
একজন প্রান্তিক খামারী. কেমিস্ট ও খাদ্য পরিবেশক (ডিলার, ক্রাউন ফিড), কাবিলা, বুড়িচং, কুমিল্লা।