আহনাফ তিহামী,দাউদকান্দি-তিতাস।।
কুমিল্লার দাউদকান্দিতে দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সাফল্য দেখিয়েছে জাবালে নূর ইসলামিয়া আলিম মাদ্রাসা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাঁদের মধ্যে দুজন এ প্লাস, পাঁচজন এ এবং আটজন এ মাইনাস গ্রেড পেয়েছে।
প্রতিষ্ঠানের এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এ সাফল্য উদ্যাপন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকালে মাদ্রাসার নিচতলার মিলনায়তনে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জাবালে নূর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি নেছার উদ্দিন আল-মোস্তফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ আনসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. শওকত আলী, মো. শাহাদাৎ হোসেন, মো. আমান ভূঁইয়া ও হাজী বাহার ভূঁইয়া। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৫ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হওয়ার পাশাপাশি দুজন এ প্লাস পাওয়ায় এবারের ফলাফল প্রতিষ্ঠানটির জন্য বিশেষ অর্জন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, তাঁদের জানা মতে, এ বছর সংশ্লিষ্ট থানার মধ্যে শতভাগ পাসের এমন সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সব শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এবারের ফলাফলকে সামনে রেখে ভবিষ্যতে আরও ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করেন মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা।