৬৬৬ কোটি টাকা বকেয়া কর মামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৫টি অর্থ বছরের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’।

রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গ্রামীণ কল্যাণের আইনজীবীরা এই আবেদন (লিভ টু আপিল) দায়ের করেন।

এর আগে গত ১২ অক্টোবর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। রায়ে ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ে এনবিআরকে অবিলম্বে চাহিদাপত্র জারি করার নির্দেশ দেন হাইকোর্ট।

আদালত তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেন, গ্রামীণ টেলিকমের নামে জমাকৃত উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না। আদালত বিষয়টিকে ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদী দৃষ্টান্ত’ হিসেবে রায়ে উল্লেখ করেন।

উল্লেখ্য, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ। শুনানি শেষে গত ১০ সেপ্টেম্বর রিটটি খারিজ করে রায় দেন হাইকোর্ট। সেই রায়ের পর এবার সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হলো ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি।